ঈদযাত্রাকে ঘিরে গত ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১,২৮৮ জন আহত হয়েছেন। এই তথ্য সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন এখনও নিখোঁজ। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৩৯৪ জনের এবং আহত হয়েছেন ১,২৮৮ জন।
দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল সবচেয়ে বেশি; ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৫ জন।
মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে।
তিনি আরও অভিযোগ করেন, এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা এবং পরিবহন খাতে বিশৃঙ্খলা আগের দুই ঈদের তুলনায় বেড়েছে।





